সলিলের গানে রবীন্দ্র ‘সুগন্ধধন’

আমাদের বাঙালি সাংস্কৃতিক জীবনের সর্বশ্রেষ্ঠ মানুষটির আমাদের জীবনে যে কী অবদান তা হয়তো আমরা এখনো পুরোপুরি উপলব্ধি করে উঠতে পারিনি। ছোট্ট একটি উদাহরণ দেওয়া যেতে পারে, একটি খুব সাম্প্রতিক ঘটনা থেকে।

ইতিহাস নিয়ে একটু আধটু চর্চা করে থাকি মাঝে মাঝে। কিছুদিন আগেই অল্প পড়াশোনা করছিলাম আফ্রিকায় ইউরোপিয় ঔপনিবেশিকতা বাদ নিয়ে। বিভিন্ন ঐতিহাসিকের রায় থেকে দেখছিলাম, ১৮৮০ – ১৯৩৫ সালের মধ্যে কীভাবে আফ্রিকার মানচিত্র আমূল পালটে গেল মাত্র এই ক’বছরে। তাঁদের স্পষ্ট মত –

Never in the history of Africa did so many changes occur and with such speed as they did between 1880 and 1935. Indeed, the most fundamental and dramatic – though tragic – of these changes took place in the much shorter period from 1890 to 1910, the period that saw the conquest and occupation of virtually the whole continent of Africa by the imperial powers and the establishment of the colonial system. The period after 1910 was essentially one of consolidation and exploitation of the system. The pace of this drama was truly astonishing, for as late as 1880 only very limited areas of Africa had come under the direct rule of Europeans. During the period 1880 to 1935, Africa did face a very serious challenge, the challenge of colonialism.

পড়তে পড়তে হঠাৎ করেই মনে এল তাঁর সেই ‘আফ্রিকা’ কবিতার কথা।

সেই বিখ্যাত পংক্তিগুলি –


এল মানুষ-ধরার দল
গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে।
সভ্যের বর্বর লোভ
নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা।
তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্যপথে
পঙ্কিল হল ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে;
দস্যু-পায়ের কাঁটা-মারা জুতোর তলায়
বীভৎস কাদার পিণ্ড
চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে।
সমুদ্রপারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায়
মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা
সকালে সন্ধ্যায়, দয়াময় দেবতার নামে;
শিশুরা খেলছিল মায়ের কোলে;
কবির সংগীতে বেজে উঠছিল
সুন্দরের আরাধনা।

লক্ষণীয় তারিখটি – ২৮শে মাঘ, ১৩৪৩ (ইং – ১৯৩৬)।

অর্থাৎ ঐ কুকার্যটি সম্পন্ন হওয়ার পরই তাঁর কলম গর্জে উঠেছিল। এমন উঠেছে বারংবার। এছাড়া কবি, দার্শনিক, ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার, শিক্ষাবিদ – সম্ভবত আমাদের জীবনের সব ক্ষেত্রেই তাঁর অবাধ চলাচল। সেই যে কবি দীনেশ সেন বলেছিলেন, ‘তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখব প্রণাম?’

তিনি আমাদের ‘পান্থজনের সখা’, আমাদের ‘সব পেয়েছির দেশ’।

কিন্তু তা সত্বেও তাঁর যে পরিচয়কে তিনি নিজেই সবচেয়ে বড় করে দেখেছেন তা হল তাঁর গান। সুর ও কথার অসাধারণ মেলবন্ধনে তিনি এমন এক ভাণ্ডার আমাদের কাছে রেখে গেছে যা বারংবার গ্রহণ করেও আমাদের পিপাসা মেটে না। জীবনের আনন্দ, দুঃখ, জয়, পরাজয়, সাফল্য ব্যর্থতায় তাঁর গান আমাদের আশ্রয়। জীবন ও মৃত্যুকে তিনি গান দিয়ে জয় করেছেন। গানের ভিতর দিয়েই তিনি ভুবনখানি দেখেছেন, গানে গানে তাঁর বন্ধন গেছে টুটে, তিনি আমাদের সঙ্গে তাঁর প্রাণ বেঁধেছেন সুরের বাঁধনে। অসীম আত্মপ্রত্যয়ে ঘোষণা করেছেন প্রকৃতির শূন্যতাকেও তিনি ভরিয়ে দেবেন তাঁর গানে।

“এ গান আমার শ্রাবণে শ্রাবণে / তব বিস্মৃতি স্রোতের প্লাবনে, ফিরিয়া ফিরিয়া আসিবে তরণী বহি তব সম্মান’” –

বড় অকম্পিত, অমোঘ সেই উচ্চারণ। বাঙালি কবিরা তাঁর কবিতার অনুগামী না হয়েও তাঁর গীতিকাব্যের প্রতি তাঁদের অনুরাগ প্রকাশ করেছেন বারংবার।

সঙ্গীতকার সলিল চৌধুরী ছিলেন আজীবন রবীন্দ্রভক্ত। তাঁর আত্মজীবনী ‘জীবন, উজ্জীবন’ পড়ে জানা যায় ১৯৪১ সালে রবীন্দ্রনাথ যখন মারা গেলেন তিনি বঙ্গবাসী কলেজে পাঠরত এক ১৭ বছরের যুবক। যখন রবীন্দ্রনাথের মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছিল আর রবীন্দ্রনাথের স্বকন্ঠে তাঁর কবিতার আবৃত্তিতে আকাশ বাতাস মুখরিত হচ্ছিল তখন তিনি চূড়ান্ত বিয়োগব্যথায় আক্রান্ত হয়েছিলেন। সে যেন তাঁর জীবনের এক প্রথম আত্মীয়বিয়োগ। কারুকে কিছু না জানিয়ে তিনি একমাসের অশৌচ পালন করেছিলেন। 

তাঁর শুরুর গানে অনেক পংক্তিতেই সেই শ্রদ্ধা নিবেদন দেখা যায়।

বড় আশ্চর্য লাগে একটি আধুনিক গানও যা রেকর্ড হয়েছিল ১৯৬১ সালে, রবীন্দ্র জন্মশতবর্ষে।

রবীন্দ্রনাথের গানটি ছিল যেন এক আহ্বান–

আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া
বুকের মাঝে বিশ্বলোকের পাবি সাড়া।
এই যে বিপুল ঢেউ লেগেছে
তোর মাঝে তা উঠুক নেচে নেচে
সকল পরাণ দিক না নাড়া
বাইরে দাঁড়া।


আর সলিলের কাছে সে আহ্বান আদেশ এর মত শিরোধার্য –


এবার আমি আমার থেকে আমাকে বাদ দিয়ে
অনেক কিছু জীবনে যোগ দিলাম
ছোট যত আপন ছিল বাহির করে দিয়ে
ভুবনটারে আপন করে নিলাম।

তাঁর আত্মজীবনীতে সলিল জানিয়েছেন এই গান তার বেশ অনেকদিন আগেই লেখা এবং এ গান তাঁর একান্ত নিজস্ব আত্মকথন।

বেশ কিছুদিন আগে সলিল চৌধুরীর গানে রবীন্দ্রনাথের “উত্তরাধিকার” নিয়ে একটি এলবাম বের করেছিলেন সলিল শিষ্য অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, গান গেয়েছিলেন ও ভাষ্যপাঠ করেছিলেন প্রখ্যাত গায়ক শ্রীকান্ত আচার্য। তাতে বেশ সুন্দর করে বোঝা গিয়েছিল এই প্রভাবের ব্যাপারটি।

রবীন্দ্র জন্ম শতবর্ষের বছরেই (১৯৬২) সলিলের সুরে ও কথায় একটি গান আর একটি গান গীত হয়েছিল জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কন্ঠে। সেই গানটি ছিল –

‘পাগল হাওয়া, কি আমার মতন তুমিও হারিয়ে গেলে
ফুলেরও বনে হাজারো রঙের মেলায়
সুরভি লুটের খেলায়
তারে নাহি পেলে।

বসন্ত যখন এসে ডেকে যায় আমারে
কী জানি কিবা রূপে
সে আসে চুপে চুপে জড়াতে চায় আমারে

বনে বনে তখন বাতাসে
মাতালি বাঁশিতে কি কথা যায় বলে
পাগল হাওয়া

এবার সাঙ্গ মোর হয়েছে খেলা গো বিজয়িনী
ঝরা ফুলে পল্লবে
সে মালা গাঁথো তবে
পরায়ে দাও বিজয়িনী
হার মানা হারে আমারে
সাজায়ে সজনি সে বাঁধন দাও গলে।

এই গানটির গায়ক জটিলেশ্বর একবার গানটি শুনিয়েছিলেন আর এক স্রষ্টা শ্রী সুধীন দাশগুপ্তকে। শুনে মুগ্ধ সুধীন বলেছিলেন, কী অপূর্ব ব্যবহার করেছেন সলিল ‘লুট’ শব্দটিকে, তাই না?’

সত্যিই তাই। কারণ শব্দটি বাংলা গানে তেমন প্রচলিত ছিল না, বিশেষত সেই সময়। বাংলা রঙ্গমঞ্চের খুব জনপ্রিয় নাটক ‘আলিবাবা’ তে একটি গান ছিল ‘শালা লুট লিয়া’। কিন্তু আলিবাবা নাটকটি বাংলা হলেও তার গানগুলি ছিল মূলত হিন্দিতে। এমনকি বাংলা ভাষার গানেও বহু হিন্দি শব্দের মিশ্রণ ছিল। বাংলা ভাষায় ও হরির লুটের মত শব্দবন্ধের বহুল প্রচার থাকলেও কিন্তু বাংলা গানে সম্ভবত তেমন প্রয়োগ ছিল না। আমাদের ধারণা এই প্রয়োগেও সলিল প্রভাবিত হয়েছিলেন রবীন্দ্রনাথের দ্বারাই।

রবীন্দ্রসৃষ্ট সেই গীতিকাব্যটি হল –

আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে।
আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে ॥
আমার অনেক দিনের আকাশ-চাওয়া আসবে ছুটে দখিন-হাওয়া,
হৃদয় আমার আকুল করে সুগন্ধধন লুটবে ॥

সুগন্ধধন লুটবে আর সুরভি লুটের খেলার মধ্যের সাদৃশ্য বেশ সুস্পষ্ট। এছাড়াও এই বসন্তের গানের মধ্যেও রবীন্দ্রপ্রভাব একটু খুঁজলেই চোখে পড়বে।

যেমন, ‘বসন্ত যখন এসে ডেকে যায় আমারে, কী জানি কিবা রূপে’ এর মধ্যেও কি সেই বিখ্যাত ‘সে কি আমায় নেবে চিনে, এই নব ফাল্গুনের দিনে’র আশঙ্কা বা অনিশ্চয়তার কথার প্রতিধ্বনি আসে না? এমনকি – ‘সে মালা গাঁথো তবে, পরায়ে দাও বিজয়িনী, হার মানা হারে আমারে’ – র মধ্যেও কি ‘হার মানা হার পরাব তোমার গলে’র প্রচ্ছন্ন উপস্থিতি নেই?

নিশ্চয়ই আছে। কিন্তু তাতে কী? এই সৃষ্টি কর্মটি কি এক অনবদ্য শিল্প রূপে আমাদের মন জয় করতে সক্ষম নয়? শিল্পের ক্ষেত্রে এই প্রভাব অনেক সময়ই শিল্পের মানকে উন্নত করে। খোদ রবীন্দ্রনাথই বিভিন্ন শিল্পীর রচনা থেকে প্রভাবিত হয়েছেন। আমরা জানি জীবনের প্রথমে তিনি বহু বিদেশি গানের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন, পরে বিভিন্ন ভারতীয় সঙ্গীত তাঁর সৃষ্টিকে প্রভাবিত করেছে।

বাংলার বিখ্যাত প্রবাদ, ‘মারি তো গণ্ডার, লুটি তো ভাণ্ডার’! আর রবীন্দ্রনাথের মত ভাণ্ডার ‘লুট’ করার তো আলাদা আনন্দ। বিভিন্ন গানে নিজের অজান্তেই সম্ভবত সলিল বারে বারেই আমাদের পথ দেখালেন।

Leave a Reply